প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) সাধারণ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তিন পদে ৩৫৩ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭০ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৫৮ জন এবং সাধারণ সদস্য পদে ২২৫ জন। চেয়ারম্যান পদে যে ৭০ জনের প্রার্থিতা বাতিল হয়েছে তার মধ্যে আওয়ামী লীগের চার জন রয়েছে। এবারের ইউপি নির্বাচনে ১১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। যাচাই-বাছাইয়ের পর ৩১টি ইউনিয়নে আওয়ামী লীগের একক প্রার্থী রয়েছে। ভোট ছাড়াই তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে। ইসির সংশ্লিষ্টরা জানান, ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য এবং সাধারণ সদস্য—এই তিনটি পদে ২০ হাজার ৪৮৯ জন মনোনয়ন দাখিল করেছিলেন। গত শুক্রবার এবং শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা ২০ হাজার ১৩৬ জন। মনোনয়ন বাতিল হয়েছে ৩৫৩ জনের। ৩৭১টি ইউপিতে চেয়ারম্যানপদে ১ হাজার ৭৫০ জন মনোনয়ন দাখিল করেছিলেন। যাচাইয়ে ৭০ জনের মনোনয়ন বাতিল হয়েছে। এর মধ্যে ৫৩ জন স্বতন্ত্র প্রার্থী আছেন। সংরক্ষিত সদস্য পদে মনোনয়ন দাখিল করেছিলেন ৪ হাজার ৩০৮ জন। বাতিল হয়েছে ৫৮ জনের প্রার্থিতা। সাধারণ সদস্য পদে মনোনয়ন বাতিল হয়েছে ২২৫টি। ওই পদে মনোনয়ন দাখিল করেছিলেন ১৪ হাজার ৪৩১ জন। বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা ১৪ হাজার ২০৬ জন।
ইসির কর্মকর্তারা জানান, যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীরা আপিলের সুযোগ পাবেন। এসব আপিল নিষ্পত্তি এবং ২৪ মার্চ প্রত্যাহারের শেষ তারিখের পর প্রার্থীর সংখ্যা কিছুটা কমে আসবে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সংখ্যা আরো বাড়তে পারে।