প্রশাসনের অনুমতি ছাড়াই মাহফিল করলেন মামুনুল!

হেফাজত ইসলামের একাংশের নেতা মুফতি মামুনুল হক প্রশাসনের অনুমতি ছাড়াই কসবার শ্যামবাড়ী গ্রামে মাহফিল করে গেলেন। গত শনিবার রাতের ঐ মাহফিলে তিনি বলেন, বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে ‘ইনশা আল্লাহ’ বলায় তার নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। সেখানে তিনি কোনো প্রকার রাজনৈতিক উসকানিমূলক বক্তব্য রাখেননি বলে জানা গেছে ।

জানা গেছে, ছাত্র উলামা ইসলামী সেবা পরিষদ নামে একটি সংগঠন শনিবার সকাল ১০টায় কসবা উপজেলার বাদৈর গ্রামে এই সম্মেলনের আয়োজন করেছিল।  কিন্তু তারা প্রশাসনের অনুমতি  নেয়নি। প্রশাসন বিষয়টি টের পেয়ে আয়োজকদের নিয়ে বৈঠকের পর ঐ সম্মেলন স্থগিত করে দেয়। সাম্প্রতিক সময়ে হেফাজতের কর্মী-সমর্থকরা শাল্লাতে হিন্দু বাড়িঘরে হামলা-লুটপাট চালালে শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রশাসন সম্মেলনটি স্থগিত করে।

এদিকে দিনের বেলা মাহফিল না করতে পেরে বাদৈর গ্রাম থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে মূলগ্রাম ইউনিয়নের শ্যমবাড়ী গ্রামে হেফাজত নেতা মাওলানা কামাল উদ্দিন দায়েমীর বাড়িতে প্রশাসনের অনুমতি ছাড়াই মুফতি মামুনুল হক গত শনিবার রাতে প্রায় দেড় ঘণ্টা বয়ান করেন। বয়ান শেষে আবার রাতেই চলে যান। তবে সেখানে তিনি কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য দেননি বলে জানিয়েছেন মাহফিলে উপস্থিত পাশের সৈয়দাবাদ গ্রামের হারুনুর রশীদ।

কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভুইয়া মাহফিলের সত্যতা স্বীকার করে বলেন, শ্যামবাড়ী গ্রামে মাহফিলের জন্য আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন বলেন, শ্যামবাড়ী গ্রামে মুফতি মামুনুল হক রাতে এসেছিলেন, বিষয়টি আমি শুনেছি তবে আয়োজকরা স্থানীয় প্রশাসন থেকে কোনো অনুমতি নেননি।

মাহফিলের আয়োজক মাওলানা কামাল উদ্দিন দায়েমীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও স্বীকার করেন যে, মাহফিলের ব্যাপারে স্থানীয় প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি। তবে মুফতি মামুনুল হক স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে মাহফিলে এসেছেন বলে তিনি দাবি করেন।