আতাইকুলায় নিজের পিস্তল মাথায় ঠেকিয়ে এসআইয়ের আত্মহত্যা

সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান আলী নিজের পিস্তল মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, আতাইকুলা থানার এসআই হাসান আলী শনিবার রাত ২টার পর কোনো এক সময় থানার ছাদে উঠে নিজের পিস্তল মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেন। রবিবার সকালে সহকর্মীরা ছাদে তার মরদেহ দেখতে পান। মরদেহের কাছে মুঠোফোনের সিমটি ভাঙা অবস্থায় উদ্ধার করে পুলিশ। এস আই হাসান আলী এক মাস আগে আতাইকুলা থানায় যোগদান করেন। তার গ্রামের বাড়ি যশোরের কেশবপুরের বালিয়াডাঙ্গী। ধারণা করা হচ্ছে প্রেমঘটিত বিষয়ে ফোনে কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে ক্ষোভে অভিমানে তিনি আত্মহত্যা করেন। 

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, আত্মহত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। পারিবারিক অশান্তি অথবা প্রেমঘটিত কারণে আত্মহত্যা করতে পারে। তবে সঠিক রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।