বিএনপিকে আগামী ২৬ মার্চের পরিবর্তে ২৭ মার্চ স্বাধীনতা দিবসের র?্যালি করার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং দলটি সেই পরামর্শ মেনে নিয়েছে। গতকাল রবিবার বিএনপির দুই সদস্যের প্রতিনিধিদল ডিএমপির যুগ্মকমিশনার মনিরুল ইসলামের সঙ্গে সাক্ষাত্ করলে এই পরামর্শ দেন। সাক্ষাত্ শেষে বিএনপির সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির সদস্যসচিব আব্দুস সালাম বলেন, আমরা বলেছি দেশব্যাপী পূর্বঘোষিত কর্মসূচিগুলো অব্যাহত রাখতে চাই। আমরা সুবর্ণজয়ন্তী কর্মসূচি ঘোষণা করেছি অনেক আগেই। কর্মসূচি ঘোষণা করে সেই সময় পুলিশ আইজিপির সঙ্গে সাক্ষাত্ করে তাদের জানিয়েছি। ২৫, ২৬, ২৮ ও ৩০ মার্চের সবগুলো কর্মসূচি পালন করতে চাই। এবারও এ ব্যাপারে সহযোগিতা চেয়েছি।
৩০ মার্চের সমাবেশ ছাড়া অন্য কর্মসূচি পালনে তেমন কোনো অসুবিধা নেই বলে পুলিশের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির পূর্বঘোষিত ৩০ মার্চের সমাবেশ ছিল উল্লেখ করে আব্দুস সালাম বলেন, পুলিশ বলছে সেখানে তো এখন বইমেলা চলছে, কীভাবে সমাবেশ করবেন? আমরাও বিষয়টি বুঝতে পেরেছি। তাই আমরা বলছি, ঠিক আছে। দলের ফোরাম বিষয়টি নিয়ে আলোচনা করবে। পরবর্তী সমাবেশ তারিখ ও স্থান আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সমাবেশ করব নাকি সময় পরিবর্তন করব। তিনি বলেন, আমাদের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের র?্যালির বিষয়ে ডিএমপির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে। তারা বলেছে, আপনারা তো এর আগে ২৭ মার্চ র?্যালি করেছেন। এবারও ২৬ মার্চের পরিবর্তে ২৭ মার্চ র্যালি করলে কোনো অসুবিধা আছে কি না? আমরা বলেছি, কোনো সমস্যা নেই। তবে ২৬ মার্চ সাভার স্মৃতিসৌধ ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাওয়াসহ অন্যান্য কর্মসূচিগুলো অব্যাহত থাকবে।