বাংলাদেশে গুজব ছড়াতে ও সাইবার হামলায় একটি রাষ্ট্র প্রাতিষ্ঠানিকভাবে অর্থ বিনিয়োগ করছে বলে অভিযোগ করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ বিষয়ে বেশ কিছু তথ্য-উপাত্ত ও প্রমাণ এরই মধ্যে বাংলাদেশের হাতে এসেছে বলেও জানান তিনি।
গতকাল রবিবার তথ্যপ্রযুক্তি ও টেলিকম সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) আয়োজিত ভার্চুয়াল সেমিনারে তিনি এ কথা জানান। পরে এই ভার্চুয়াল বৈঠক থেকেই টিএমজিবির অফিশিয়াল ওয়েবসাইট www.tmgb.org আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জুনাইদ আহমেদ পলক। এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঠিক তথ্য সংরক্ষণ এবং তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে একটি ডিজিটাল আর্কাইভ গড়ে তোলা হবে। এই কাজে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে টিএমজিবিকে কাজ করার আহ্বান জানান তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী। পাশাপাশি গুজব প্রতিরোধে সব মহলকেই সচেতন হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।