মোদির সফরের বিরোধীরা পাকিস্তান আমলের বস্তাপচা সাম্প্রদায়িক রাজনীতি করছে ------------------ জাসদ

জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, বাংলাদেশের রাষ্ট্রীয় আমন্ত্রণ গ্রহণ করে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিরোধিতাকারীরা নিজেরাই পাকিস্তান আমলের বস্তাপচা সাম্প্রদায়িক রাজনীতি করছে। গতকাল রবিবার এক যুক্ত বিবৃতিতে তারা এ কথা বলেন।

জাসদ নেতৃদ্বয় বলেন, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিরোধিতাকারীরা ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, আজ ২০২১ সালে তারাই শাল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা চালাচ্ছে এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য, জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের বিরোধিতা করছে। ইনু-শিরীন আরো বলেন, সংবিধান বর্ণিত ‘কারো প্রতি বৈরিতা নয়, সকলের সঙ্গে বন্ধুত্ব’ নীতির ভিত্তিতে বাংলাদেশ যখন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক কূটনৈতিক সাফল্য অর্জন করছে তখন বাংলাদেশের আমন্ত্রণে বাংলাদেশের বন্ধুরাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিরোধিতাকারী দেশের সংবিধানের বিরোধিতা করে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে অসভ্য দেশ হিসেবে চিহ্নিত করে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করে দেশের চরম ক্ষতি করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা বাংলাদেশে রাষ্ট্রীয় আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিরোধীকারীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান।