রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের খুনি বলা নিয়ে যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। গতকাল রবিবার তিনি মস্কোতে পৌঁছান। এই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য তাকে তলব করা হয়েছে বলে জানা গেছে। রুশ বার্তা সংস্থা তাস-এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত বুধবারই রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছিল যে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যানাতোলি আনতোনভকে ডেকে পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কোন পরিস্থিতিতে চলবে তা নিয়ে আলোচনা হবে। সম্প্রতি এবিসি নিউজকে দেওয়া সাক্ষাত্কারে প্রেসিডেন্ট জো বাইডেন এক প্রশ্নের জবাবে পুতিনকে ‘খুনি’ বলে সম্বোধন করেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের ঘটনায়ও রাশিয়াকে মূল্য দিতে হবে বলে উল্লেখ করেন জো বাইডেন। এর জবাবে প্রেসিডেন্ট পুতিন এক অনুষ্ঠানে বলেছিলেন, যিনি এই মন্তব্য করেছেন তিনিই তাই। পুতিন জো বাইডেনের সঙ্গে অনলাইনে সরাসরি আলাপ করারও প্রস্তাব দেন। তবে জো বাইডেন এই ধরনের আলোচনার ব্যাপারে সাড়া দেননি। যুক্তরাষ্ট্রের রুশ দূতাবাস গতকাল ওয়াশিংটন থেকে রাষ্ট্রদূত অ্যানাতোলি আনতোনভকে বহন করা বিমান ছেড়ে যাওয়ার ছবিও পোস্ট করেছে। দূতাবাস জানিয়েছে, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনার জন্য কাজ করবেন রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত অ্যানাতোলি আনতোনভও জানিয়েছেন, এ বিষয়ে অনেক কাজ করতে হবে তাদের।