ভারতের নাগরিকত্ব (সংশোধনী) বিল-২০১৬-এর প্রতিবাদে বিক্ষোভ করেছে দেশটির মিজোরাম রাজ্যের হাজারো মানুষ। বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ওই বিক্ষোভে ‘চীন জিন্দাবাদ’ স্লোগানও দিয়েছে প্রতিবাদকারীরা। আর শনিবার তারা বয়কট করেছেন ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি।
প্রস্তাবিত ওই বিলের মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন ও পার্সি সম্প্রদায়ভুক্ত মানুষদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এরফলে স্থানীয় আদি বাসিন্দাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক স্বার্থ ক্ষুণ্ণ হওয়াসহ বিভিন্ন সঙ্কট সৃষ্টি হবে বলে বিল বিরোধীরা আশঙ্কা করছেন।
খবরে বলা হয়, মিজোরামের রাজধানী আইজলে বিক্ষোভে পথে নেমে আসে ৩০ হাজার মানুষ। বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী মোদি ও কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী রাজানাথ সিংয়ের কুশপুত্তলিকা দাহ করা হয়। বিলটির বিরুদ্ধে প্রতিবাদে একজোট মিজোরামের সব দল।
আরও পড়ুনঃ শ্রীপুরে স্বামীকে ৬ টুকরা করে হত্যা, স্ত্রীসহ আটক ২
এমজেডপি, ইয়ং মিজো অ্যাসোসিয়েশন (ওয়াইএমএ)-এর যৌথ মিছিল বের হয়। সেখানেই অনেকের হাতে ‘হ্যালো চায়না, বাই বাই ইন্ডিয়া’ লেখা পোস্টার ছিল। বেশ কিছু পোস্টারে ছিল চীনা হরফ।
বিক্ষোভকারীদের নেতা রিকি লালবিয়াকমাওইয়া বলেন,‘ বিল নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। তাই কেউ কেউ হয়তো মনে করেছেন, ভারত সরকার যখন আমাদের কথা শুনছে না, তখন চীনের প্রতি হাত বাড়ানোই ভাল।’
ইত্তেফাক/টিএস