কাজী হায়াতের অসুস্থতায় কী বললেন পরিচালক সমিতির নির্বাচন কমিশনার

পূর্ব ঘোষণা অনুয়ায়ী রুপালি পর্দার নির্মাতাদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন হওয়ার কথা আগামী ২ এপ্রিল। এতে সভাপতি পদপ্রার্থী পরিচালক কাজী হায়াত এখন অসুস্থ হয়ে আইসিইউতে। মনোনয়নপত্র দাখিলের পরদিন করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। আজ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে তাকে। তবে তার অসুস্থতার কারণে পেছাচ্ছে না পরিচালক সমিতির নির্বাচন। 

সোমবার দুপুরে ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রবীণ চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু। তিনি বলেন, ‘এমনিতেই আমাদের নির্বাচন ৩-৪ মাস পিছিয়ে গেছে। এই মূহুতে নির্বাচন পেছানোর কোন উপায় নেই। কারণ, করোনা পরিস্থিতি দিনদিন আরও খারাপের দিকে যাচ্ছে। এর মধ্যের আরও কয়েকজন সদস্যের করোনায় আক্রান্তের বিষয়টি আমাদের কানে এসেছে। তারও ভোট দিতে আসতে পারবেন না। নির্বাচনকে ঘিরে অর্থনৈতিক একটি ব্যপার আছে। এখনে অসুস্থতার কারণে একজনের জন্য নির্বাচন পেছালে ১০ জন ক্ষতিগ্রস্ত হবে।’

তার কথায়, ‘পরিচালক কাজী হায়াৎ-এর প্যানেল থেকে এ বিষয়ে আমাদের অনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয় নি। আমাদের জানালে আমরা চিন্তা করতাম। আমরা কাজী হায়াতের জন্য দোয়া করি- উনি দ্রুত সুস্থ হয়ে উঠুক।’

তালিকা অনুযায়ী এবার সভাপতি পদে প্রার্থী হয়েছেন কাজী হায়াৎ, শাহ্ আলম কিরণ ও সোহানুর রহমান সোহান। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবুল খায়ের বুলবুল ও ছটকু আহমেদ। মহাসচিব পদের জন্য দাঁড়িয়েছেন এস এ হক অলিক, শাহীন সুমন ও সাফিউদ্দিন সাফি।

জানা গেছে, প্রার্থীরা ৩টি প্যানেল চূড়ান্ত নির্বাচনে অংশ নেবেন। সোহানুর রহমান সোহান ও শাহিন সুমন নির্বাচন করবেন এক প্যানেলে। কাজী হায়াৎ ও এস এ হক অলিক অংশ দেবেন আরেকটি প্যানেলের। তৃতীয় প্যানেলটি গঠন করছেন শাহ আলম কিরণ ও সাফিউদ্দিন সাফি।

এছাড়া উপ-মহাসচিব পদে লড়বেন এম. এ, আউয়াল, কবিরুল ইসলাম রানা, ফিরোজ আলম ও মনিরুল ইসলাম সোহেল। অর্থ-সচিব পদে মো. সালাহ্উদ্দিন ও মো. তারিকুল ইসলাম ভূঁইয়া (সায়মন তারিক)। সাংগঠনিক সচিব পদে জি. সরকার, রকিবুল ইসলাম রকিব ও সাইফুর রহমান (সাইফ চন্দন)। আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব নোমান রবিন ও মুরাদ পারভেজ। সাংস্কৃতি ও ক্রীড়া সচিব রফিক সিকদার ও শাহীন কবির টুটুল। প্রচার, প্রকাশনা ও দফতর সচিব কাজী আলমগীর ও মো. আনোয়ার সিরাজী।

নির্বাহী সদস্য ১০ পদের জন্য লড়বেন ২৫ জন প্রার্থী। তারা হলেন- অনুতোষ বড়ুয়া চঞ্চল, আবদুস সামাদ খোকন, আহাম্মেদ আলী মণ্ডল, আব্দুর রহিম বাবু, এম. এ আউয়াল, ওয়াজেদ আলী বাবলু, কমল সরকার, জাকির হোসেন রাজু, ডা. বুলবুল বিশ্বাস, দেওয়ান নাজমুল, দীপঙ্কর সেন গুপ্ত দীপন, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মাদ মনি, পল্লী মালেক, বিল্পব শরীফ, মোস্তাফিজুর রহমান বাবু, মোছা. মাসুমা রহমান তানি, রায়হান মুজিব, শিল্পী চক্রবর্তী, শাহদাৎ হোসেন লিটন, শাহ মো. সংগ্রাম, শামীমুল ইসলাম শামীম, সাঈদুর রহমান সাঈদ, সেলিম আজম, সারোয়ার হোসেন ও হাসিবুল ইসলাম হাসিব।

এবার নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার প্রবীণ চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু এছাড়াও নির্বাচন কমিশনারের দায়িত্ব আছেন আ স ম শফিকুর রহমান ও বি এইচ নিশান।

ইত্তেফাক/বিএএফ