পানি ব্যবহারে সতর্ক না হলে তীব্র সংকট দেখা দিতে পারে: এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, দেশের সকল মানুষকে গুণগত ও মানসম্মত নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে প্রতিটি জেলায় একটি করে পানি পরীক্ষাগার নির্মাণ করা হচ্ছে। একইসাথে পানির গুরুত্ব অনুধাবন করে অপচয় রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

আজ সোমবার ( ২২ মার্চ) রাজধানীর একটি হোটেলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত বিশ্ব পানি দিবস-২০২১ উপলক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মানুষের নিকট যে পানি সরবরাহ করা হবে সেগুলোর গুণগত মান ঠিক আছে কি না, পানির মধ্যে প্রয়োজনীয় উপাদান ছাড়া ক্ষতিকর বস্তু আছে কি না তা পরীক্ষা করে মানুষের নিকট পৌঁছে দিতেই এই ল্যাব প্রতিষ্ঠা করা হচ্ছে। অনেক ক্ষেত্রেই আমরা প্রয়োজনে অপ্রয়োজনে প্রচুর পানি অপচয় করে থাকি। পানির ব্যবহারে আমাদের অধিক সচেতন হতে হবে। মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে পানির গুরুত্ব অপরিসীম বলেও উল্লেখ করেন তিনি।

মোঃ তাজুল ইসলামের মতে, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এছাড়া ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের ফলে প্রচুর শিল্প-কলকারখানা প্রতিষ্ঠিত হচ্ছে। এতে করে স্বাভাবিকভাবেই পানির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি সামগ্রিকভাবে পানির ব্যবহারে সতর্ক না হই তাহলে পানির তীব্র সংকট দেখা দিতে পারে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এসডিজি ২০৩০ অনুযায়ী দেশে ভূপৃষ্ঠের পানির ব্যবহার ৭০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা থাকলেও এর আগেই আমরা লক্ষ্যে পৌঁছে যাবো। ভূগর্ভস্থ পানির ব্যবহার বৃদ্ধি পাওয়ার পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ার ফলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে বলেও জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, বাংলাদেশ সরকার বাংলাদেশের উন্নত পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি অর্জনের জন্য নিবিড়ভাবে কাজ করছে। আমি প্রত্যাশা করি টেকসই পানি ব্যবস্থাপনার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সক্ষম হবে।

ইত্তেফাক/এসআই