বিনোদন প্রতিবেদক
ছোটপর্দার অভিনেত্রী সারিকা সাবা এরইমধ্যে ‘ফ্যামিলি ক্রাইসিস’সহ বেশকিছু জনপ্রিয় নাটক যোগ করেছেন নিজের ক্যারিয়ারের ঝুলিতে। অভিনয় শুরু সময় থেকেই ভালো গল্প আর চরিত্রে অভিনয় করে বেশ গ্রহণযোগ্যতা তৈরি করেছেন তিনি। তার অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে দর্শকদের মাঝে। সেই ধারাবাহিকতায় নিয়মিত কাজের পাশাপাশি সারিকা ব্যস্ত রয়েছেন আসন্ন ঈদের নাটকের কাজ নিয়ে। এরইমধ্যে বেশকিছু নাটকের কাজ শেষ করেছেন তিনি। হাতে রয়েছে আরো বেশকিছু নাটকের কাজ। নিজের সাম্প্রতিক কাজ প্রসঙ্গে সারিকা বলেন, ‘বর্তমানে আমার একটি টেলিফিল্ম ও একটি একক নাটক প্রচার হচ্ছে। পাশাপাশি আসন্ন ঈদের জন্য বেশ কয়েকটি এক ঘণ্টার নাকটকে কাজ শেষ করেছি। আরো কিছু কাজ করবো। রাফাত ভাই, রাজ ভাইয়ের পরিচালনায় কয়েকটি নাটকে অভিনয় করলাম। তবে কোনটা কোন মাধ্যমে প্রচার হবে সেটা এখনো ঠিক হয়নি।’ শুধু টিভি বা ইউটিউবে প্রচারের জন্য নয়, নতুন মাধ্যম ওটিটির জন্যও একটি টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। নতুন এই মাধ্যমটি নিয়ে শুরু থেকেই নানা নেতিবাচক সমালোচনা চলছে। এই অবস্থায় জনপ্রিয় অভিনেত্রী সারিকার অভিনয় প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘দেখুন, আমি ওটিটিতে যতগুলো কাজ দেখেছি সেগুলোতে জোর করে অপ্রয়োজনীয়ভাবে অশ্লীল কোনো দৃশ্য বা সংলাপ যোগ করা হয়েছে, এমনটা মনে হয়নি। গল্পের প্রয়োজনে যেকোনো দৃশ্য থাকতেই পারে। অপ্রয়োজনে যুক্ত করলে সেটাকে খারাপ সবাই বলবে। আমাদের পাশের দেশ বা অন্যান্য দেশের ওয়েব সিরিজ, এমনকি নেটফ্লিক্সেও কিন্তু আমরা এমন দৃশ্য বা সংলাপ হরহামেশাই দেখতে পাই। সেটা কিন্তু তারা গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখেই করেন। সেদিক থেকে বলবো আমাদেরও বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তবে অবশ্যই তা অতিরিক্ত কোনোকিছু যুক্ত করে না।’