বিনোদন রিপোর্ট
দেশের জনপ্রিয় আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা সারাবছরই নিজের নিয়মিত কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেন। এছাড়া নিজের আবৃত্তি সংগঠন থেকেও নানা কার্যক্রম পরিচালনা করেন তিনি। তবে বিশেষ দিবসগুলোর অনুষ্ঠান মানেই যেন শিমুল মুস্তাফার উপস্থিতি। আর তাই তিনিও বিশেষ দিবসে দর্শক-শ্রোতাদের কবিতায় রাঙাতে হাজির হন বিভিন্ন অনুষ্ঠানে। সেই ধারাবাহিকতায় এবারের স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে দেখা যাবে তাকে। মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোর কথা ও মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা নিয়ে মহান স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘স্বাধীনতার পঞ্চাশ’-এ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। ৫ পর্বের এই অনুষ্ঠানটি আজ থেকে প্রচার শুরু হবে বাংলাভিশনে। অনুষ্ঠানটির ৫ম পর্বে শিমুল মুস্তাফার সঙ্গে একজন বরেণ্য মুক্তিযোদ্ধা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তারা মুক্তিযুদ্ধের সময়ের এবং মুক্তিযুদ্ধ পরবর্তী বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন বুলবুল মহলানবীশ এবং প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম ফারুকী।
উল্লেখ্য, স্বাধীনতার মাসে একাধিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন শিমুল মুস্তাফা। এর ভেতরে ‘বঙ্গবন্ধু’ শিরোনামের একটি গানে একটি বিশেষ আবৃত্তিতে কণ্ঠ দিলেন তিনি। গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজীব ও আবৃত্তি করেছেন শিমুল মুস্তাফা। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান প্রসঙ্গে শিমুল মুস্তাফা বলেন, ‘আমি কখনোই একাধিক অনুষ্ঠানের শিল্পী হিসেবে কাজ করিনি। এ ব্যাপারে বরাবরই অলস। অনেককেই শুনি সকাল থেকে রাত অবধি ৫/৬টি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। যেকোনো আয়োজনে আমি অংশ নিই একেবারেই প্রাণের তাগিদে। সেই অভ্যেসে এবারো ২৬ মার্চের একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবো। তারই প্রস্তুতির কাজ করছি। আর বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এসব বিষয়ের কোনো পাঠচক্রে ভীষণরকম আনন্দ ও গর্ব অনুভব করি। এত বছরের অনুষ্ঠানের অভিজ্ঞতার পরও আমার কণ্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কাব্যপাঠে বুকের ভেতর এক দারুণ আনন্দ অনুভব হয়।’ এর বাইরে গত ২১ মার্চ সন্ধ্যা ৭টায় রাজধানীর শুটিং ক্লাবে জনপ্রিয় এই আবৃত্তিশিল্পীর একক আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়। যেখানে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুকে নিয়ে একাধিক কবিতাপাঠ করেন তিনি।