সোমবার (২২ মার্চ) উত্তর কলকাতার নারকেলডাঙার নর্থ রোডের পোশাক তৈরি কারখানায় আগুন লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ৮টি ইঞ্জিন। দ্রুত আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন তারা।
জানা যায়, আজ সন্ধ্যায় পোশাক তৈরি কারখানায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। কিন্তু সরু গলি ও ঘিঞ্জি এলাকা হওয়ার জেরে আগুন নেভাতে বেশ সমস্যায় পড়েন উদ্ধার কর্মীরা। ফলে পরে আরও চারটি ইউনিট এসে পৌঁছায়। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায় নি। কারখানায় কেউ আটকে নেই বলেই জানাচ্ছে দমকলবাহিনী।
উদ্ধার কর্মীরা প্রাথমিক ভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানায় পর্যাপ্ত অগ্নি নির্বাপণের ব্যবস্থা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে গেঞ্জি কারখানায় মজুত থাকা জিনিসপত্রের বিপুল ক্ষয় ক্ষতির আশঙ্কা করছে তারা।
কয়েক দিন আগেই কয়লাঘাটের বিধ্বংসী আগুনের সাক্ষী হয়েছে কলকাতাবাসী। সেই বিভীষিকাময় রাতে প্রাণ হারিয়েছিলেন ৯জন। সেই ঘটনা নাড়িয়ে দিয়েছিল পুলিশ-প্রশাসনকে। বিষয়টিকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্য সংঘাতও তুঙ্গে ছিল।
ইত্তেফাক/এইচপি