যান চলাচল বন্ধ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ঘোষগাতী এলাকায় বেইলি ব্রিজ ভেঙে বালুবোঝাই ট্রাক খালে পড়ে গেছে। সোমবার সকালে মরা-চিত্রা নদীর ওপরে নির্মিত বেইলি ব্রিজটি ভেঙে এই দুর্ঘটনা ঘটে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এখন পর্যন্ত ট্রাক উদ্ধার ও ব্রিজ সংস্কার কাজ শুরু হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।
বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন জানান, সড়কে ১০টি বেইলি ব্রিজ রয়েছে। যার অধিকাংশই ঝুঁকিপূর্ণ। নিষেধাজ্ঞা সত্ত্বেও ঐ সড়ক দিয়ে পণ্যবোঝাই ট্রাকসহ যানবাহন চলাচল করে। সোমবার সকালে হঠাত্ করে ঘোষগাতি এলাকায় বেইলি ব্রিজে বালু বোঝাই ট্রাক উঠলে বিকট শব্দ করে ভেঙে খালে পড়ে। ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ঐ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। মোল্লাহাট পুরোনো বেইলি ব্রিজ ভেঙে ট্রাক পড়ে যাওয়ার খবর পেয়ে লোক পাঠানো হয়েছে। দ্রুত ট্রাকটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হবে। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, ‘পুরাতন সড়ক দিয়ে বালু নিয়ে বড়ঘাট যাচ্ছিল ট্রাকটি। বড়ঘাট রেখে ঘোষগাতী দিয়ে যাওয়ার পথে মরা চিত্রা নদীর ওপরে নির্মিত ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজে ওঠে ট্রাকটি। অতিরিক্ত ওজনের ফলে ব্রিজ ভেঙে ট্রাকটি খালের মধ্যে পড়ে যায়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।