মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
নিজ জন্মভূমি মির্জাপুরে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন প্রবীণ রাজনীতিক মো. ফজলুর রহমান খান ফারুক। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর তিনি দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় একুশে পদক পেয়েছেন। তাই রবিবার মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে নাগরিক গণসংবর্ধনার আয়োজন করেছিল মির্জাপুর উপজেলা পরিষদ। মো. ফজলুর রহমান খান ফারুক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক গণপরিষদের সদস্য, সাবেক এমপি ও দৈনিক ইত্তেফাকের সাবেক টাঙ্গাইল জেলা প্রতিনিধি। উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি।