সাইফের সেঞ্চুরি তুষার-ইমরুলের আক্ষেপ

বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগ

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসরের প্রথম দিনেই সেঞ্চুরির দেখা মিলেছে। দারুণ ফর্মে থাকা ঢাকা বিভাগের ওপেনার সাইফ হাসান সেঞ্চুরি করেছেন। একই দিনে সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছেন খুলনা বিভাগের তুষার ইমরান ও ইমরুল কায়েস। তুষার ৯৯ ও ইমরুল ৯০ রানে আউট হয়েছেন।

বিকেএসপিতে প্রথম স্তরের ম্যাচে সাইফের পঞ্চম সেঞ্চুরিতে রংপুরের বিপক্ষে ৮ উইকেটে ২৯৭ রান তুলে দিনের খেলা শেষ করেছে ঢাকা বিভাগ। সাইফ ১২৭, নাদিফ চৌধুরী ৬৯, অঙ্কন ৪৭ রান করেন। রংপুরের আলাউদ্দিন বাবু নিয়েছেন ৪ উইকেট। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে ৭ উইকেটে ৩০৮ রান তুলেছে স্বাগতিকরা। গতকাল দুর্ভাগ্যজনকভাবে ব্যক্তিগত ৯৯ রানে তুষার রানআউট হয়েছেন। ৩৭ বছর বয়সি এ ব্যাটসম্যান প্রথম শ্রেণির ক্রিকেটে ১২ হাজার রানের দৌড়ে আছেন। ৩১টি সেঞ্চুরির মালিক তুষারের রান এখন ১১ হাজার ৮০৩।

দ্বিতীয় স্তরের ম্যাচে স্বাগতিক বরিশালকে ২৪১ রানে অলআউট করে দিয়েছে ঢাকা মেট্রো। বরিশালের আশরাফুল ৪৮, আবু সায়েম ৪৬, সোহাগ গাজী ৪৫, সৈকত আলী ৩৬ রান করেছেন। ঢাকা মেট্রোর আবু হায়দার রনি, রকিবুল হাসান তিনটি করে উইকেট পান। পরে শেষ বিকেলে ১ উইকেটে ২৯ রান তুলেছে ঢাকা মেট্রো। জাহিদুজ্জামান ৭, শামসুর ১২ রানে ব্যাট করছেন। করোনা পজিটিভ হওয়ায় প্রথম রাউন্ডের ম্যাচে জাতীয় দলের ওপেনার সাদমান ইসলাম খেলতে পারেননি ঢাকা মেট্রোর হয়ে।

রাজশাহীতে স্বাগতিকরা চট্টগ্রাম বিভাগকে ভালোই চেপে ধরেছে। ৭ উইকেটে ২৫৬ রান তুলে দিনের খেলা শেষ করেছে চট্টগ্রাম। করোনার ধাক্কা কাটিয়ে খেললেও বাংলাদেশ টেস্ট দল ও চট্টগ্রামের অধিনায়ক মুমিনুল হক ৬ রান করে আউট হয়েছেন। এনসিএল শুরুর আগে করোনা ধরা পড়েছিল মুমিনুলের। পরে দ্বিতীয়বার পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসায় ম্যাচটি খেলেছেন তিনি। চট্টগ্রামের শাহাদাত দিপু অপরাজিত ৮৮, ইয়াসির আলী ৬৩, মেহেদী হাসান রানা ৫৫ রান করেন। রাজশাহীর পক্ষে ফরহাদ রেজা ও পায়েল দুইটি করে উইকেট নেন।