ধামরাইয়ে খেতেই নষ্ট হচ্ছে টম্যাটো

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

দরপতন এবং সংরক্ষণাগার না থাকায় ধামরাইয়ে বিভিন্ন এলাকায় খেতেই নষ্ট হচ্ছে শত শত মণ টম্যাটো। ভালো মুনাফার আশায় টম্যাটো চাষ করলেও শেষ পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে চাষিদের। বাসনার টম্যাটোচাষি ইমান আলী জানান, ‘বর্তমান বাজার দর অনুযায়ী প্রায় ৭০-৮০ হাজার টাকার টম্যাটো তার জমিতেই নষ্ট হচ্ছে। ১৫-২০ দিন সংরক্ষণ করতে পারলেই এই টম্যাটো বিক্রি করে প্রায় আড়াই লাখ টাকা পেতাম।’ এদিকে দরপতন ও সংরক্ষণাগারের অভাবজনিত লোকসান ঠেকাতে উপজেলা কৃষি অফিস কোনো ব্যবস্থা নিতে পারে নি বলেও জানান চাষিরা। একই গ্রামের আরেক চাষি আক্ষেপ করে বলেন, ‘যদি সংরক্ষণের ব্যবস্থা না থাকে, সবজি চাষ করে যদি চাষিরা ক্ষতিগ্রস্ত হয়, তবে উত্পাদন বাড়িয়ে লাভ কী? ’