নিউজিল্যান্ডে জয়ের খাতা খোলার আশা ফিকে হয়ে গেছে ডানেডিনে দুঃস্বপ্নের ব্যাটিংয়ে। ৮ উইকেটের বড় হারে সিরিজে ১-০ তে পিছিয়ে গেছে বাংলাদেশ দল। সেই হারের ধকল কাটিয়ে আজ আবারও মাঠে নামছে তামিম বাহিনী। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে তামিমদের এখন টিকে থাকার চ্যালেঞ্জ। আজ হারলেই সিরিজ খোয়াবে সফরকারীরা। বাংলাদেশ দল তাই ঘুরে দাঁড়ানোর আশায় খেলতে নামবে। যদিও ঘরের মাঠে অনেকটা অপ্রতিরোধ্য নিউজিল্যান্ডের বিপক্ষে প্রতিরোধ গড়া কঠিন কর্মই হবে বাংলাদেশের জন্য। তাছাড়া প্রথম ম্যাচে তামিমদের ধসিয়ে দিয়ে পাওয়া জয়ে বেশ উজ্জীবিত হয়ে আছে ব্ল্যাক ক্যাপসরা।
আজ স্বাগতিকদের সামনে প্রতিরোধ গড়তে বাংলাদেশের জন্য পূর্বশর্ত ব্যাটিংয়ে উন্নতি। ডানেডিনে বিবর্ণ ব্যাটিংয়ে ১৩১ রানে গুটিয়ে গিয়েছিল তামিম বাহিনী। সেদিক থেকে আজ ব্যাটসম্যানরাই বড় চ্যালেঞ্জের মুখে থাকবেন। বোল্ট, ম্যাট হেনরি, জেমিসনদের দুর্বার বোলিং আক্রমণ মাড়িয়ে স্কোরবোর্ডে বড় সংগ্রহ তুলতে হবে। গতকাল বাংলাদেশ শিবিরেও স্লোগান ছিল যে, ভালো কিছু করতে হলে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে।
গতকাল অনুশীলনের পর মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের কণ্ঠেও ছিল সেই সুর। তিনি বলেছেন, ‘অবশ্যই ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। গত ম্যাচে ব্যাটিং খুবই বাজে ছিল, যদিও কন্ডিশন আমাদের পক্ষে ছিল না। ক্রাইস্টচার্চ নতুন ভেন্যু, নতুন আরেকটা ম্যাচ। অবশ্যই চাইব, আগের ম্যাচের সবকিছু ভুলে গিয়ে সামনের ম্যাচে সেরাটা দেওয়ার।’
গতকাল দল সূত্রে জানা গেছে, আজ বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন আসতে পারে। পেসার হাসান মাহমুদ বাদ পড়তে পারেন। তার জায়গায় একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের।