মাগুরা জেলার শ্রীপুর উপজেলার তিনটি গ্রাম চরগোয়ালদহ, আনন্দনগর ও মালাইনগর গ্রামে ইসলাম ধর্ম গ্রহণ করার আহ্বান জানিয়ে ৫০টি হিন্দু পরিবারকে উড়ো চিঠি দেওয়ার ঘটনায় চরগোয়ালদহ গ্রামের অসিম কুমার মণ্ডল রবিবার রাতে মামলা করেছেন। ২১ জনকে আসামি করে অনধিকার প্রবেশ করিয়া একই উদ্দেশ্যে সাধনকল্পে পরস্পর যোগসাজসে ধর্মীয় অনুভূতিতে কঠোর আঘাত হানায় শ্রীপুর থানায় তিনি এ মামলা করেছেন।
মাগুরার শ্রীপুর আমলি আদালতে থানা থেকে মামলটি পাঠানো হয়। আদালতের বিচারক মাহবুবা শারমীন আগামী ৭ এপ্রিল পুলিশ রিপোর্ট দাখিলের দিন ধার্য করেছেন।
বাদী তার এজাহারে অভিযোগ করেন, ১ নম্বর আসামি ইবনুল বিশ্বাস ওরফে ইউসুফ তার চৌগাছী গ্রামের বাড়িতে একটি টিনের ঘরে মক্তবে বিভিন্ন বয়সি লোকদেরকে মুসলিম জামাতে শরিক হওয়ার জন্য ধর্মীয় শিক্ষায় দীক্ষিত করিতেন এবং দাওয়াতের নির্দেশ দিতেন।
মাগুরার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ মাসুদ জানান, চার জনকে পুলিশ গ্রেফতার করেছে । তাদের রিমান্ডে নেওয়ার জন্য আজ আদালতে আবেদন করা হবে।