যশোরে স্কুলছাত্রকে ও চকরিয়ায় দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা

যশোরে এক স্কুলছাত্রকে ও কক্সবাজারের চকরিয়ায় এক দিনমজুরকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

যশোর অফিস জানায়, যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের এনায়েতপুরে রাকিব হোসেন নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। রবিবার রাত ৯টার দিকে এলাকার ঈদগাহ মাঠে হত্যাকাণ্ডটি ঘটে। নিহত রাকিব হোসেন (১৬) এনায়েতপুর গ্রামের পূর্ব পাড়ার মালয়েশিয়া প্রবাসী হাফিজুর রহমানের ছেলে।

কক্সবাজার প্রতিনিধি জানান, চকরিয়া উপজেলার খুটাখালীর ফুলছড়ি থমতলা এলাকায় মাহমুদুল হক প্রকাশ (৩৮) নামে এক দিনমজুরকে পেটে ও গলায় ছুরি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে তাকে বাড়ি থেকে কয়েক জন লোক ডেকে নেয় বলে দাবি করেছে প্রকাশের পরিবার।