জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ আর নেই

দৈনিক জনকণ্ঠের সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক এবং গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্টের নিজ বাসায় শ্বাসকষ্টের কারণে অসুস্থ বোধ করলে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। চিকিত্সকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, পুত্রবধূ, এক নাতি ও এক নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ খান মাসুদ ১৯৫১ সালের ২৯ আগস্ট মুন্সীগঞ্জ জেলার মেদিনীমণ্ডল গ্রামে সম্ভ্রান্ত খান পরিবারে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে তরুণ আতিকউল্লাহ খান মাসুদ ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। তার সম্পাদনায় ১৯৯৩ সালে দৈনিক জনকণ্ঠ প্রকাশিত হয়।

গতকাল বাদ জোহর ক্যান্টনমেন্টে আল্লাহু মসজিদে তার প্রথম নামাজে জানাজা হয়েছে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় রাজধানীর ইস্কাটনে জনকণ্ঠ কার্যালয়ে। সেখানে কিছুক্ষণ রাখার পর মরদেহ রাখা হয়েছে বারডেমের হিমঘরে। আতিকউল্লাহ খান মাসুদের রাশিয়া প্রবাসী ছেলে দেশে ফেরার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শোকবার্তায় আতিকউল্লাহ খান মাসুদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকবার্তায় বলেন, আতিকউল্লাহ খান মাসুদ সংবাদ প্রকাশে সবসময়ই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে সমুন্নত রেখেছেন। প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া পৃথক শোকবার্তায় গভীর শোক জানান।

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং পার্টির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম এক শোকবার্তায় আতিকউল্লাহ খান মাসুদের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় জেপির নেতৃদ্বয় বলেন, আতিকউল্লাহ খান মাসুদ কেবল একজন সম্পাদকই ছিলেন না, তিনি ছিলেন একজন শিল্প উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী। তার মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট শিল্পপতি ও সাংবাদিককে হারাল।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের পৃথক শোকবার্তায় শোক জানিয়েছেন। এছাড়া শোক জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানসহ অনেকে।

দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি এ কে আজাদ। এক শোক বার্তায় নোয়াবের সভাপতি এ কে আজাদ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদের শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবং জনকণ্ঠ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তিনি। শোক বার্তায় এ কে আজাদ বলেন, আতিকউল্লাহ খান মাসুদ ও জনকণ্ঠ পরিবার প্রগতিশীল ধারা ও বাঙালি জাতীয়তাবাদের বিকাশের লড়াইয়ে জাতীয় জীবনে স্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যুতে দেশ একজন বরেণ্য সম্পাদক এবং অসাম্প্রদায়িক চেতনার যোদ্ধাকে হারাল।