ভুয়া টিভি চ্যানেলে নিয়োগের নামে প্রতারণা গ্রেফতার ১০

রাজধানীর হাতিরঝিল ও মতিঝিল এলাকা থেকে অনলাইনভিত্তিক ভুয়া টিভি চ্যানেলে সাংবাদিক প্রতিনিধি নিয়োগকারী একটি প্রতারক চক্রের মূলহোতাসহ ১০ জনকে আটক করেছে র?্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে—চক্রের মূলহোতা শাহীন খান, নূর হোসেন ওরফে নুরুল ইসলাম নাহিদ। আর তাদের সহযোগী রিয়াদ মাহমুদ, রিমন পারভেজ, জয়নুল আবেদীন, আকবর হোসেন, রাজিব হোসেন, রায়হান পারভেজ, ইমরুল কায়েছ ওরফে ফয়েজ ও আইয়ুব খান। গতকাল সোমবার ভোররাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের স্ট্যান্ডসহ ক্যামেরা, কম্পিউটার, ভিজিটিং কার্ড ও ব্যানার জব্দ করা হয়।

র?্যাব-৪-এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক জানান, চক্রটি দীর্ঘদিন ধরে অনুমোদনহীন অনলাইনভিত্তিক ভুয়া স্যাটেলাইট টিভি চ্যানেল ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট টিভি (বিএসটিভি নিউজ ২৪)-এর মাধ্যমে চাকরির প্রলোভন দেখিয়ে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগের নামে মোটা অঙ্কের টাকা আত্মসাত্ করে আসছিল। চক্রটি প্রতারণার কৌশল হিসেবে রিপোর্টার নিয়োগের নামে বিভিন্ন জেলায় তাদের বিশেষ প্রতিনিধি নিয়োগ করেছে বলে জানায়। ভুয়া এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে শাহিন খান ও পরিচালক হিসেবে যুক্ত হন নূর হোসেন নাহিদ।