শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও উন্নয়নে আইএলওসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
গতকাল সোমবার অনলাইনে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির ৩৪১তম সেশনে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনাকালে এই সহযোগিতা কামনা করেন তিনি। আইনমন্ত্রী বলেন, শ্রম অধিকার ও নিরাপদ কর্ম পরিবেশ সুনিশ্চিত করতে বাংলাদেশ একটি ছয় বছর মেয়াদি কর্মপরিকল্পনার আওতায় কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কর্মপরিকল্পনাটির মেয়াদ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের সঙ্গে সংগতি রেখে প্রস্তুত করা হচ্ছে বলে জানান তিনি।
আইনমন্ত্রী শ্রম আইন সংশোধন, ট্রেড ইউনিয়ন নিবন্ধন, শ্রম পরিদর্শন বিভাগের ক্ষমতায়ন এবং শ্রমিক স্বার্থবিরোধী কর্মকাণ্ড পরিহার সংক্রান্ত চারটি বিষয়ে সুনির্দিষ্ট কর্মপন্থা নির্ধারণের বিষয়টি তুলে ধরেন।
আইএলও গভর্নিং বডির বর্তমান চেয়ারপারসন ভারতের শ্রম সচিব অপূর্ব চন্দ্রের সভাপতিত্বে বাংলাদেশের শ্রম পরিস্থিতি সম্পর্কিত এ আলোচনায় আন্তর্জাতিক শ্রমিক ও মালিক সংগঠনের প্রতিনিধি ছাড়াও ভারত, চীন, রাশিয়া, তুরস্ক, মরক্কো, কিউবা, ইরাক, বাহরাইন, আজারবাইজান, কানাডা, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, জার্মানি ও মেক্সিকোর প্রতিনিধি অংশ নেন।