তিন দশক পর ইইউর নিষেধাজ্ঞার মুখে পড়ল চীন

চীনের জিনজিয়াংয়ে সংখ্যালঘু উইঘুর মুসলিম জনগোষ্ঠীর লোকজনকে গণহারে আটকে রাখা ও তাদের ওপর নির্যাতনের অভিযোগে দেশটির বিরুদ্ধে ‘মানবাধিকার লংঘন ও গণহত্যার’ অভিযোগ তুলেছে পশ্চিমা দেশগুলো। এই ইস্যুতে চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর মধ্য দিয়ে গত ৩০ বছরের বেশি সময় পর আবারও ইইউর নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে চীন।

ইইউ জোটের পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল সোমবার চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন। এর অংশ হিসেবে চারজন চীনা কর্মকর্তা ও একটি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করছে ইইউ। তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। সম্পত্তির ব্যবহার ও হস্তান্তর স্থগিত করা হবে বলেও জানানো হয়েছে। তবে নিষেধাজ্ঞার আওতায় আসা চীনা ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম এখনো প্রকাশ করেনি ইইউ। সবশেষ ১৯৮৯ সালে চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইইউ। ওই সময় তিয়েনআনমেন স্কয়ারে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চীনা সেনাবাহিনীর দমনপীড়ন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা হয়।