যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের এক সুপারমার্কেটে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন বলে জানিয়েছে এবিসি নিউজ।
জানা যায়, স্থানীয় সময় গতকাল সোমবার (২২ মার্চ) বিকেলে কলোরাডো অঙ্গরাজ্যের বৌলডার শহরের একটি সুপারমার্কেটে এই ঘটনা ঘটে। অভিযুক্ত হামলাকারীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে বৌলডার পুলিশ।
স্থানীয় পুলিশ কর্মকর্তা কেরি ইয়ামাগুচি জানিয়েছেন, অভিযুক্ত হামলাকারী এখন পুলিশ হেফাজতে আছেন।
এর আগে হামলার কথা জানিয়ে টুইটারে দেওয়া এক বার্তায় স্থানীয় বৌলডার পুলিশ বিভাগ সবাইকে ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দেয়।
এবিসি নিউজ জানায়, কিং সোপার্স সুপারমার্কেট নামে ওই স্টোরে অভিযুক্ত বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন বলে জানিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এআর-১৫ স্টাইলের রাইফেল ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।
ইত্তেফাক/টিআর