গ্যাস পাইপ ফেটে যাওয়ায় রাজধানীর আশপাশের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন হচ্ছে। এর ফলে লালমাটিয়া, মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগানসহ আশেপাশের অনেক এলাকায় গ্যাস সরবরাহে সমস্যা দেখা দিয়েছে ।
জানা গেছে, রাজধানীর আমিন বাজার এলাকায় সড়কের কাজের সময় মাটির গভীরে একটি পাইপ ফেটে যাওয়ায় এ সমস্যা দেখা দেয়। সে কারণে আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত বেশ কিছু এলাকায় গ্যাসের চাপ খুব কম। কোনো কোনো এলাকায় গ্যাস পুরোপুরিই নেই।
তবে লাইন মেরামতের কাজ সম্পন্ন হতে এবং গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে ২০ থেকে ২৪ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাসের জনসংযোগ কর্মকর্তা মির্জা মাহবুব হোসেন গণমাধ্যমকে জানান, ঢাকার আমিন বাজারে সড়ক ও জনপথ বিভাগের সড়ক উন্নয়ন কাজের সময় তিতাস গ্যাসের উচ্চচাপ গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হয়। ফলে মোহাম্মদপুর, ধানমণ্ডি, হাজারীবাগ, মিরপুর, গ্রিনরোডসহ বেশ কিছু এলাকায় সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে।
ইত্তেফাক/এমএএম