ডার্কনেটে বিক্রি হচ্ছে করোনা ভ্যাকসিন

করোনাভাইরাসের ভ্যাকসিন বিশ্বের বেশিরভাগ মানুষের কাছে এখনো পৌঁছায়নি। তবে ইন্টারনেটের অন্ধকার জগৎ ডার্কনেটে উচ্চমূল্যে পাওয়া যাচ্ছে এ টিকা। অক্সফোর্ড, স্পুটনিক, সিনোফার্ম বা জনসন ইত্যাদি কোম্পানির ভ্যাকসিন এখানে বিক্রি হচ্ছে, দাম পড়ছে প্রতি ডোজ ৫০০ থেকে ৭০০ ডলার। মঙ্গলবার (২৩ মার্চ) এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

ডার্কনেট সাধারণ মানুষের কাছে ডার্ক ওয়েব নামেও পরিচিত। শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্রাউজার দিয়েই ইন্টারনেটের এ অন্ধকার জগতে প্রবেশ করা যায়। 

করোনা ভ্যাকসিনের পাশাপাশি নকল ভ্যাকসিনেশন সার্টিফিকেটও বিকোচ্ছে ডার্কনেটে। মাত্র ১৫০ ডলারেই কেনা যাচ্ছে এ সার্টিফিকেট। বিবিসির খবরে বলা হয়েছে, গবেষকরা জানিয়েছেন ভ্যাকসিন বিক্রি সংক্রান্ত বিজ্ঞাপন ব্যাপক হারে বেড়েছে ডার্কনেটে। তবে এগুলো আসল ভ্যাকসিনই কিনা তা নিশ্চিত করা যায়নি। 

সাইবার-সুরক্ষা সংস্থা চেক পয়েন্টের গবেষকরা ভ্যাকসিনের বিজ্ঞাপনগুলি প্রথম প্রকাশিত হওয়ার পরে হ্যাকিং ফোরাম এবং অন্যান্য মার্কেটপ্লেসগুলো পর্যবেক্ষণ করেছেন। তারা বলছেন এমন বিজ্ঞাপনের সংখ্যা তিনগুণ বেড়েছে। বিক্রেতারা মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি, ফ্রান্স এবং রাশিয়া থেকে এসব পোস্ট করছেন বলে দেখা যাচ্ছে। এমনকি কিছু কিছু বিজ্ঞাপনে অর্ডারের পরদিনই ডেলিভারি দেওয়ার নিশ্চয়তা দেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এসএ