মাধব রায়, সহকারী অধ্যাপক
ব্লু বার্ড হাইস্কুল এন্ড কলেজ, সিলেট
গতকালের পর
তেজস্ক্রিয়তা কখন আবিষ্কৃত হয়? আকাশের প্রশ্ন। ১৮৯৬ সালে। ফরাসি বিজ্ঞানী হেনরি বেকেরেল (Henry Becqueral) সর্বপ্রথম ইউরেনিয়াম থেকে তেজস্ক্রিয়তা প্রত্যক্ষ করেন। তিনি একটি পরীক্ষায় কালো কাপড়ে মোড়া পটাসিয়াম ইউরেনিল সালফেটকে অন্য একটা কালো কাপড়ে মোড়া ফটোগ্রাফিক পেটের ওপর রেখে কিছুদিন পর পেটটি ডেভেলপ করে এতে ইউরেনিয়াম যৌগের কেলাসের বিম্ব দেখতে পান। বিষয়টি তাঁকে ভাবনায় ফেলে। কালো কাপড়ে মোড়া থাকা সত্ত্বেও কেন বিম্ব তৈরি হলো। আরও অনুসন্ধান করে তিনি বুঝতে পারেন, ইউরেনিয়াম যৌগ থেকে এক ধরনের শক্তিশালি বিকিরণ নির্গত হয়ে এই ঘটনা ঘটাচ্ছে। এই রশ্মির নাম দেয়া হয় বেকেরেল রশ্মি। পরে দেখা গেল শুধু ইউরেনিয়ামই নয় অন্যান্য মৌল থেকেও এই রশ্মি নির্গত হয়। তখন এই রশ্মির নাম দেয়া হয় তেজস্ক্রিয় রশ্মি এবং রশ্মি নির্গমনের ঘটনাকে বলা হয় তেজস্ক্রিয়তা (Redioactivity)। পিয়েরে কুরি ও মেরি কুরি-দুই বিজ্ঞানী পরবর্তীতে তেজস্ক্রিয় পোলোনিয়াম ও রেডিয়াম আবিষ্কার করেন এবং এইজন্য ১৯০৩ সালে হেনরিল বেকেরেল, পিয়েরে কুরি ও মাদাম মেরি কুরি এই তিনজনকে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়।
সীমা বলল-কিন্তু তেজস্ক্রিয় পদার্থ থেকে কী ধরনের রশ্মি বের হয়?
তিন ধরনের রশ্মি বের হয়। বললেন নীলকান্তবাবু। ১৮৯৯ সালে বিজ্ঞানী রাদারফোর্ড এবং ১৯০০ সালে বিজ্ঞানী ভিলার্ড বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দেখান যে, তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফারশ্মি, বিটারশ্মি ও গামারশ্মি, এই তিন ধরনের রশ্মি নির্গত হয়।
এর মধ্যে কমলা একবার এসে বসেছেন। তিনি বললেন-পিয়েরে কুরি ও মাদাম কুরি তো স্বামী-স্ত্রী তাই না?
হ্যাঁ, এরকম স্বামী-স্ত্রী মিলে গবেষণা করা ও নোবেল পুরষ্কার পাওয়ার ঘটনা খুব কম এবং এটাই প্রথম। পরের অংশ আগামীকাল