পুঁজিবাজার ভালো হবে এমন পলিসি নিয়ে আসার জন্য তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘দেশের পুঁজিবাজারে এখনো ব্যাপকতা আসেনি। তবে বর্তমান কমিশনের নেতৃত্বে ব্যাপকতা বৃদ্ধির কাজ চলছে। আস্তে আস্তে পুঁজিবাজার জনবান্ধব হিসেবে নিয়ে আসব।’
গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী :বঙ্গবন্ধুর স্বপ্নের আলোকে বাংলাদেশের পুঁজিবাজারের অর্জন ও সম্ভাবনা’ শীর্ষক ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘গত অর্থবছরের বাজেটে পুঁজিবাজারে কালোটাকা বিনিয়োগসহ বেশ কিছু সুবিধা দেওয়া হয়েছে। আগামী বাজেটেও যদি কোনো জায়গায় হাত দিতে হয়, সেগুলো নিয়ে আসুন, আমরা করে দেব। পুঁজিবাজারে এখন একটি শক্তিশালী ম্যানেজমেন্ট রয়েছে। পুঁজিবাজার ভালো হবে এমন পলিসি নিয়ে আসবেন। এমন কিছু নিয়ে আসবেন না, যাতে আমারা রাখতে না পারি।’
ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমানের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘আইটি ছাড়া ভবিষ্যতে চলাচল করা অসম্ভব। আমরা চাই একটি শক্তিশালী আইটি অবকাঠামো সমন্বিত পুঁজিবাজার। এটি করা হলে বাজারে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। এখন যারা গুজব ছড়িয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে কম দামে শেয়ার হাতিয়ে নিতে চাইছেন, সেটাও বন্ধ হয়ে যাবে।’
ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মতিন পাটোয়ারীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ডিএসইর সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল হাশেম, ডিএসইর পরিচালক শাকিল রিজভী, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেন। এছাড়া সভায় স্বাগত বক্তব্য রাখেন ডিএসইর পরিচালক রকিবুর রহমান।