মির্জাপুরে পরিচ্ছন্নতা কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে আলিমুল মোল্লা (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আলিমুল মির্জাপুর পৌরসভার একজন পরিচ্ছন্নতা কর্মী এবং সেলিম মোল্লার ছেলে। গতকাল মঙ্গলবার মির্জাপুর উপজেলা সদরের কুমুদিনী হাসপাতাল রোডের বাইমহাটি এলাকায় মির্জাপুর জেনারেল হাসপাতাল (প্রাইভেট) ডায়াগনস্টিক সেন্টারসংলগ্ন এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক সাব্বির হোসেন ও তার পরিবার পলাতক রয়েছেন।

এদিকে আলিমুলের পরিবার ও এলাকার বিক্ষুব্ধ লোকজন ঘাতক সাব্বিরকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রথমে সাব্বিরের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের চেষ্টা চালায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বিক্ষুব্ধ লোকজন আবার থানার সামনে বিক্ষোভ করেন। পুলিশ ঘাতকদের গ্রেফতারের আশ্বাস দিলে তারা থানাচত্বর ত্যাগ করেন।

মির্জাপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বাইমহাটি গ্রামের বাসিন্দা সুমন হক জানায়, গতকাল কুমুদিনী হাসপাতাল রোডে মির্জাপুর জেনারেল হাসপাতাল (প্রাইভেট) ডায়াগনস্টিক সেন্টারসংলগ্ন ভাতগ্রাম এলাকার এক যুবক ও ময়মনসিংহ এলাকার এক যুবতির সঙ্গে (দম্পত্তির সঙ্গে) কথা কাটাকাটি হয়। স্থানীয়রা ও পাশে দাঁড়িয়ে থাকা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী আলিমুল তাদের রাস্তায় ঝগড়া না করার জন্য অনুরোধ করেন। এ নিয়ে বাইমহাটি গ্রামের আমান উল্লার বখাটে ছেলে সাব্বিরের সঙ্গে আলিমুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পরিচ্ছন্নতা কর্মী আলিমুলের ওপর ক্ষিপ্ত হয়ে সাব্বির পাশের দোকান থেকে একটি ছুরি নিয়ে এসে আলিমুলের পেটের ভেতর ঢুকিয়ে দেয়।