কক্সবাজার সদরের বাঁকখালী নদীর তীরবর্তী উত্তর মুহুরীপাড়ার তিন ফসলি অর্ধশতাধিক একর উর্বর জমি ভরাটের বিষয়ে সচিত্র প্রতিবেদন করায় ‘সামনে জমিয়ে খেলা হবে’ উল্লেখ করে দৈনিক ইত্তেফাকের কক্সবাজার প্রতিনিধি সায়ীদ আলমগীরকে হুমকি দিয়েছেন এ এম জি ফেরদৌস। বুধবার (১৭ মার্চ) তার (ফেরদৌসের) পক্ষ হয়ে জনৈক অ্যাডভোকেট সাহাব উদ্দিন কর্তৃক স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রচার করা লিগ্যাল নোটিশের ব্যাপারে সাংবাদিক সায়ীদের কোনো প্রতিক্রিয়া না পেয়ে ঐদিন রাত সোয়া ৮টার দিকে নিজের ব্যবহূত মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে এ হুমকি দেন ফেরদৌস। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে কক্সবাজার সদর মডেল থানায় শনিবার সাধারণ ডায়ারি (জিডি) করেছেন সাংবাদিক সায়ীদ আলমগীর (জিডি নং-১১৯৪/২১)।
জিডিতে উল্লেখ করা হয়েছে, দৈনিক ইত্তেফাকের কক্সবাজার প্রতিনিধি হিসেবে দায়িত্বপালন করা সায়ীদ আলমগীর জেলার উন্নয়ন, অগ্রযাত্রা, সরকার ও প্রশাসনের নানা কর্মকাণ্ড, পরিবেশ ধ্বংস ও পর্যটনসহ নানা বিষয়ে প্রতিবেদন করেন। সেই সূত্রে, গত ১৪ মার্চ কক্সবাজার সদরের বাঁকখালী নদীর তীরবর্তী উত্তর মুহুরীপাড়ার তিন ফসলি প্রায় ৬০ একর উর্বর জমি ভরাট বিষয় নিয়ে সায়ীদ আলমগীরের পাঠানো একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করে ইত্তেফাক। জেলা প্রশাসক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা কৃষি অধিদপ্তরসহ নানা বিভাগে স্থানীয় ক্ষতিগ্রস্ত জমি মালিকদের করা লিখিত অভিযোগ, সরেজমিন ঘটনাস্থল পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত ও মাটির ভরাটকাজে যুক্ত শ্রমিক এবং সংশ্লিষ্টদের সঙ্গে পৃথক ভাবে কথা বলে বাস্তবচিত্র সেই প্রতিবেদনে তুলে ধরা হয়।
জিডিতে আরো উল্লেখ করা হয়, ক্ষতিগ্রস্ত ভূমি মালিকগণের কক্সবাজার সদরের ঝিলংজার উত্তর মুহুরীপাড়ার (পূর্ব লিংক রোড) বাসিন্দা এ এম জি ফেরদৌসকে অভিযুক্ত করে বিভিন্ন দপ্তরে করা আবেদনের সূত্র ধরে প্রতিবেদন তৈরির আগে তথ্য আইনের নিয়ম মতো অভিযুক্ত এ এম জি ফেরদৌসকে বক্তব্যের জন্য কল করা হয়। তিনি ফোন না ধরায় নিয়ম মতো বক্তব্যের কথা উল্লেখ করে দেওয়া হয় এসএমএস। তিনি প্রতিউত্তর করেননি। যা প্রতিবেদনে উল্লেখ করা হয়। ১৫ মার্চ ফলোআপ প্রতিবেদন করা হয়। সেই দিনও নিয়ম মতো ফোন করা হয় ফেরদৌসকে। তিনি ফোন না ধরলে বক্তব্যের কথা বলে আবারও এসএমএস করা হয়। ১৭ মার্চ তিনি ভালো মানুষ এবং জমি ভরাটের সেই প্রতিবেদনের তথ্য সঠিক নয় দাবি করে স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন আকারে একটি লিগ্যাল নোটিশ প্রচার করেন।