সিংগাইর পৌরসভার নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সকাল ১১টায় পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র অ্যাডভোকেট খোরশেদ আলম ভুঁইয়া জয় নবনির্বাচিত মেয়র থানা আওয়ামী লীগ নেতা আবু নাঈম মো. বাশারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। পৌরসভার প্রতিষ্ঠাতা সাবেক মেয়র মীর মো. শাহাজাহান ও নবনির্বাচিত কাউন্সিলরগণ এ সময় উপস্থিত ছিলেন। নবনির্বাচিত মেয়র বাশার এ সময় বলেন, সিংগাইর পৌরসভাকে সারা বাংলাদেশের মধ্যে একটি আধুনিক দৃষ্টিনন্দন ও মডেল পৌরসভা করতে চাই। পৌরবাসী নাগরিক সুবিধা থেকে যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে। মেয়র আরো বলেন, পৌর মেয়র হিসেবে আমার দ্বারা পৌরবাসীর কেউ হয়রানির শিকার হবে না এবং নির্বাচনি ইস্তেহারে যা কিছু বলা আছে সেটাই বাস্তবায়ন করা হবে।