জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পুরস্কার বাংলাদেশ ও তার জনগণের জন্য সম্মানের। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই পুরস্কারের তাত্পর্য আরো বেশি। কারণ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক রূপান্তরের মাধ্যমে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ হতে যাচ্ছে এবং এর ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু।
এই বছর বাংলাদেশ স্বাধীনতা সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্যাপন করছে এবং সেই সময়ে এই পুরস্কার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য অত্যন্ত সঠিক। এই উদ্যাপনের মুহূর্তে বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধু ও গান্ধীর প্রতি সম্মান প্রদর্শন করে। কারণ তাদের মূল্যবোধ ও নীতি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, নিপীড়ন, অবিচার ও বঞ্চনা থেকে মুক্তির জন্য এখনো প্রয়োজনীয় উপাদান।