শরীয়তপুর জেলা জজ আদালতের সাবেক পিপি (সরকারি কৌঁসুলি) হাবীবুর রহমান ও তার ভাই মনির হোসেন হত্যা মামলার রায় প্রত্যাখ্যান করে স্বজনদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও হরতালের পর গতকাল মঙ্গলবার আদালত বর্জন করেছেন আইনজীবীরা। গতকাল সকালে জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা শেষে আদালত বর্জনের ঘোষণা দেওয়া হয়।
গত রবিবার ২০০১ সালে ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডের মামলার রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন। রায়ে সংক্ষুব্ধ হয়ে শরীয়তপুরে কর্মরত আইনজীবীরা ঐ বিচারকের প্রত্যাহার দাবি করেছেন। গতকাল আদালতে কর্মবিরতি পালন করেছেন আইনজীবীরা। সাধারণ সভা শেষে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন। তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
আইনজীবী সমিতির সভাপতি জহিরুল ইসলাম বলেন, এ রায় নিয়ে আমাদের আইনজীবীদের মধ্যে ক্ষোভ ও দুঃখ রয়েছে। এ কারণে আইনজীবী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী গতকাল সব কোর্ট ও রায় প্রদানকারী বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজের আদালত স্থায়ীভাবে বর্জন করার ঘোষণা দেওয়া হয়েছে।