সাম্প্রদায়িক হামলার ঘটনায় মানববন্ধন ও সমাবেশ

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগ্রামে ১৭ মার্চ হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

ঝিনাইদহ : সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং পূজা উদ্যাপন পরিষদসহ কয়েকটি সংগঠন।

বিরামপুর (দিনাজপুর) : বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ বিরামপুর উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় ঢাকা মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অধ্যক্ষ শিশির কুমার সরকার, সাধারণ সম্পাদক শান্ত কুমার ক্লু, সাংগঠনিক সম্পাদক কালী প্রসন্ন সরকার প্রমুখ।

ফুলবাড়ী (দিনাজপুর) : সকাল ১১টায় ফুলবাড়ী কাটাবাড়ীর ফুলবাড়ী প্রেসক্লাবের সামনে পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন ফুলবাড়ী শাখা পূজা উদ্যাপন পরিষদের সদস্য সচিব শ্রী ধীমান চন্দ্র সাহা, যুগ্ম-আহ্বায়ক ও পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রী আনন্দ কুমার গুপ্ত প্রমুখ।

কাহারোল (দিনাজপুর) : উপজেলার আমতলা মোড়ে বাংলাদেশ পূজা উদ্্যাপন পরিষদ কাহারোল উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন পূজা উদ্্যাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক সুকুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান হূদয় চন্দ্র রায় প্রমুখ।

সুজানগর (পাবনা) : সুজানগর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে পাবনা-সুজানগর প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুবোধ কুমার নটো, সহ-সভাপতি কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সাহা, পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জয়ন্ত কুমার কুন্ডু প্রমুখ।