বিশ্বনাথে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে সিলেটের বিশ্বনাথে একই পরিবারের ছয় জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ তিন জনকে ঢাকায় নেওয়া হয়েছে। সোমবার রাতে উপজেলার শ্রীধরপুর গ্রামের ওয়ারিছ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—গৃহকর্তা ওয়ারিছ আলী (৭০), তার স্ত্রী দিলারা বেগম (৬০), ছেলে মঈনুল ইসলাম (২৬), ফয়সল আহমদ (২৩), ভাইপো নাঈম আহমদ (১৭) ও পৌত্র কামরান মিয়া (২২)।

স্থানীয়রা জানান, ওয়ারিছ আলীর রান্নাঘরে রাখা গ্যাসের সিলিন্ডারের পাশে চুলা জ্বালিয়ে রাতের খাবার প্রস্তুত করছিলেন তারা। পরে সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছে বুঝতে পেরে পানি ঢেলে চুলার আগুন নেভান। এ সময় আগুনের ফুলকি উঠে গিয়ে সিলিন্ডারের ওপর পড়লে তা বিস্ফোরিত হয়। স্থানীয়রা দগ্ধদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ওসমানী হাসপাতাল থেকে রাতেই দগ্ধ মঈনুল, ফয়সল ও দিলারা বেগমকে ঢাকায় পাঠানো হয়।