চৌহালীর এনায়েতপুরে সোমবার গভীর রাতে বিক্রয়নিষিদ্ধ ১ হাজার ৪০০ কেজি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। থানার খুকনী ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়ার শ্যালকের বাড়ি থেকে এ চাল জব্দ করা হয়। এনায়েতপুর থানার ওসি আতাউর রহমান জানান, বিক্রির উদ্দেশ্যে চোরাইভাবে কিনে ১০ টাকা কেজি দরের চাল খুকনী ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়ার শ্যালক রবিউল ইসলাম তার রুপনাই গাছপাড়ার বাড়িতে মজুত করেছে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিব সরকারের নেতৃত্বে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন পালিয়ে যায়। তবে বাড়ির গুদাম ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ঐ চাল জব্দ করা হয়।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্ত (ইউএনও) মো. শামছুজ্জোহা জানান, চাল জব্দের ঘটনায় মঙ্গলবার দুপুরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরুল ইসলাম বাদী হয়ে এনায়েতপুর থানায় মামলা দায়ের করেছেন।