এই শতাব্দীর সবচেয়ে দুর্ধর্ষ স্ট্রাইকারদের একজন হিসেবে রবিবার ওয়ান্দা মেট্রোপালিতানোতে ক্যারিয়ারের ৫০০তম গোলের দেখা পেয়েছেন লুইস সুয়ারেজ। বিশেষ মাইলফলক ছোঁয়ার পর এই অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার এটাও বুঝতে পারছেন ক্যারিয়ারের সায়াহ্নে পৌঁছে গিয়েছেন তিনি। সায়াহ্নে পৌঁছে পরের প্রজন্মের জন্য একজন আদর্শ নাম্বার নাইনকে বাছাই করলেন সুয়ারেজ। সেটি আর কেউ না; বরুশিয়া ডর্টমুন্ডের ২০ বছর বয়সি বিস্ময়বালক, আর্লিং হাল্যান্ড। লাইভ স্ট্রিমিং নেটওয়ার্ক টুইচকে দেয়া সাক্ষাত্কারে সোমবার সুয়ারেজ বলেছেন, ‘হাল্যান্ড একজন সেরা খেলোয়াড়। দুর্দান্ত লেভেলে খেলছে সে। বলার মতো শারীরিক সামর্থ্যও আছে তার। সে বিশ্বের সেরা নাম্বার নাইনদের একজন হবে এবং পুরো একটি যুগের প্রতিনিধিত্ব করবে। এমবাপেও অনেক ভালো খেলোয়াড়, কিন্তু আমি একটু হাল্যান্ড-ঘেষা।’
নিজের নতুন দলকে নিয়েও কথা বলেছেন তিনি। লিগে এই মৌসুমে ইতিমধ্যে ১৯ গোল করে অ্যাটলেটিকোকে টেবিলের শীর্ষে রাখতে মূল ভূমিকা পালন করা সুয়ারেজ তার ক্লাব সম্বন্ধে বলেন, ‘একই লিগে দল পরিবর্তন করতে পারায় আমি ভাগ্যবান। রেফারিদের চিনি আমি, সতীর্থদেরকেও আগে থেকে চিনি। তেমন কিছুই বদলায়নি। দলকে এই জায়গায় যেতে সাহায্য করতে পেরে আমি খুশি।’ সতীর্থদের মধ্যে মার্কোস ইয়ুরেন্তে এবং ইয়ান ওবলাকের বাড়তি প্রশংসাও করেছেন সুয়ারেজ। তার প্রাক্তন দল, বার্সেলোনার খেলা এখনো নিয়মিত দেখেন বলে জানিয়েছেন তিনি। প্রিয়বন্ধু লিওনেল মেসির সঙ্গেও প্রতিদিন তার কথা হয় বলে জানিয়েছেন এই উরুগুয়াইন।