বঙ্গবন্ধু এনসিএল দ্বি¬তীয় দিনে দুই সেঞ্চুরি

বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে গতকাল সেঞ্চুরি করেছেন মার্শাল আইয়ুব ও শাহাদাত হোসেন দিপু। ঢাকা মেট্রোর মার্শাল প্রথম শ্রেণির ক্রিকেটে ২১তম ও চট্টগ্রামের শাহাদাত ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছেন।

খুলনায় প্রথম স্তরের ম্যাচে স্বাগতিকদের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩৭৫ রানে। পরে ১৩০ রান তুলতে ৮ উইকেট হারিয়ে ফেলেছে সিলেট বিভাগ। এনামুল জুনিয়র ৩০, খালেদ ২ রানে ব্যাট করছেন। খুলনার মাসুম খান ৪টি উইকেট নেন। বিকেএসপিতে ঢাকা বিভাগ প্রথম ইনিংসে ৩৬৫ রানে অলআউট হয়েছে। পরে নাসির হোসেনের হাফ সেঞ্চুরির পরও ৭ উইকেটে ১৯৪ রান তুলে দিনের খেলা শেষ করেছে রংপুর। নাসির ৯৩, আলাউদ্দিন বাবু ১২ রানে অপরাজিত আছেন।

রাজশাহীতে দ্বিতীয় স্তরের ম্যাচে স্বাগতিকদের বিরুদ্ধে চালকের আসনে আছে চট্টগ্রাম বিভাগ। গতকাল দ্বিতীয় দিন শেষে ১৭৮ রানে এগিয়ে চট্টলার দলটি। শাহাদাতের ১০৮ রানের ইনিংসে চট্টগ্রাম করেছিল ২৮৭ রান। জবাবে রাজশাহীর প্রথম ইনিংস শেষ হয়ে গেছে ১৫২ রানে। চট্টগ্রামের নোমান চৌধুরী ৪টি, মেহেদী হাসান রানা ৩টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে নেমে বিপদে আছে মুমিনুল হকের দল। ৪৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে চট্টগ্রাম। মাহমুদুল হাসান জয় ২৬ রানে ব্যাট করছেন।

বরিশালে স্বাগতিকদের ২৪১ রানের বিপরীতে গতকাল প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩২৪ রান তুলেছে ঢাকা মেট্রো অধিনায়ক মার্শালের সেঞ্চুরিতে। মার্শাল ১১২ রান করেন। শহীদুল ৪২, আবু হায়দার রনি ২১ রানে অপরাজিত আছেন।