এদেশের শিল্প-সংস্কৃতি জগতের এক অনন্য নাম আফজাল হোসেন। নিজের অভিনয়, নির্মাণ কিংবা কথাসাহিত্যে বরাবরই মুগ্ধতার জাল ছড়িয়েছেন তার ভক্ত-দর্শকদের ভেতরে। করোনাকালীন বিক্ষিপ্ত সময়ে লেখালেখির পাশাপাশি তারকাদের নিয়ে সামাজিক সচেতনতামূলক ডকুমেন্টারি তৈরি করেছেন। এর বাইরে ফেসবুকে ধারাবাহিকভাবে যাপিত জীবনের বিচ্ছিন্ন স্মৃতি নিয়ে লিখছেন ‘অল্পসল্প দীর্ঘ জীবন’ শিরোনামের একটি অনবদ্য গদ্য। সেটিরও প্রায় ৫০ পর্ব লিখে ফেলেছেন। পাঠকরাও এখন তার এই লেখার অপেক্ষায় থাকেন। তবে অতি সম্প্রতি সমমনা মানুষদের নিয়ে একটি নতুন ধারার প্লাটফর্ম তৈরির উদ্যোগ নিয়েছেন তিনি। এই প্লাটফর্মের শিরোনাম দিয়েছেন ‘মনমোকাম’। চমত্কার এই শিরোনামের প্লাটফর্মে কী থাকবে? এর উদ্দেশ্য কী? কিছুই স্পষ্ট না করলেও বরেণ্য এই নির্মাতা বলেন, ‘আমরা তো বিভিন্ন ধারার ভাবনার সঙ্গী। এই সৃজনশীলতা যার যার পয়েন্ট অব ভিউ থেকে একটু একটু করে সবাই অংশ নেবে এখানে। যার যার ছোট ভাবনাগুলো একসঙ্গে করে সমমনা মানুষদের ভেতরে একটি সংযুক্ত প্লাটফর্ম তৈরি করা হবে। ‘মনমোকাম’-এ সংযুক্ত হওয়ার আহ্বানে এরই ভেতরে একটি ভিজ্যুয়াল বিজ্ঞপ্তি পোস্ট করেছেন আফজাল হোসেন। সেখানে তিনি লিখেছেন, নাম, পরিচয় ও ভাবনা প্রকাশের ধরন সবারই আলাদা। একত্রিত হলে সময় ও সঙ্গ হয়ে উঠতে পারে চমত্কার। সেই আকাঙ্ক্ষায় যুক্ত হন এই নতুনে। আফজাল হোসেন আরো বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হওয়ার কালে কাছাকাছি ভাবনার কিছু মানুষ একত্রিত হয়ে যদি সামান্য ভূমিকা রাখা যায়, বেশ বড় অংশের মানুষদের ভাবনার জগতে তরঙ্গ উঠতে পারে। তার ফল ভালো হওয়ার কথা। খুবই সাধারণ একটা উদ্যোগের কথা জানান দেওয়া হচ্ছে। সামান্য আগ্রহ, কৌতুহল যদি জাগে, এখানে যে কেউ প্রশ্ন করতে পারেন।’
এদেশের শিল্প-সংস্কৃতি জগতে বরাবরই নিত্য-নতুন দৃষ্টান্ত। কাজের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আইডিয়ার জন্মদাতা হিসেবে আফজাল হোসেন দেশের পথিকৃত। সেই জায়গা থেকে মনমোকাম দারুণ এক দৃষ্টান্ত হয়ে উঠবে, সেটিই সকলের প্রত্যাশা।