অবকাঠামো উন্নয়নে ৪ ট্রিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা বাইডেনের

অবকাঠামো উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও হোয়াইট হাউজ কর্তৃক গৃহীত কাজের প্রস্তাবগুলো সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে এই সপ্তাহে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরবেন তার উপদেষ্টারা। এসব কাজের সম্মিলিতভাবে ব্যয় ধরা হতে পারে প্রায় ৪ ট্রিলিয়ন ডলার।

একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ভঙ্গুর অবকাঠামো ও জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ নতুন আইনি পদক্ষেপের জন্য ৩ মিলিয়ন থেকে ৪ ট্রিলিয়ন ডলার ব্যয় নির্ধারণের চিন্তাভাবনা করছেন বাইডেনের উপদেষ্টারা। আরেকটি সূত্র জানিয়েছে, অবকাঠামো ও অন্যান্য অগ্রাধিকার খাতগুলোর উন্নয়নে মোট ৩ ট্রিলিয়ন পর্যন্ত ব্যয় নির্ধারণের একটি প্রস্তাবনা রয়েছে বাইডেনের উপদেষ্টাদের। তারা এ বিষয়ে এ সপ্তাহে বাইডেনের সঙ্গে আলোচনা করছেন। হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি সোমবার এক টুইট বার্তায় বলেন, চলতি সপ্তাহে এই প্রস্তাব প্রকাশ করবেন না জো বাইডেন। আমেরিকানদের জন্য কাজের ব্যবস্থা ও উন্নত জীবন তৈরিই এই প্রস্তাবের মূল কেন্দ্রবিন্দুতে থাকবে। তিনি আরো বলেন, বাইডেন বিভিন্ন ধরনের সুযোগ, লক্ষ্য ও পরিকল্পনার আকারের পরিসীমা বিবেচনা করছেন। এ ব্যাপারে কয়েক দিনের মধ্যে নীতিনির্ধারক দলের সঙ্গে আলোচনা করবেন তিনি। সূত্র জানিয়েছে, চাইল্ড ট্যাক্স ক্রেডিট তৈরি এবং নিম্ন আয়ের আমেরিকানদের জন্য অন্যান্য লাভজনক কোনো আলাদা প্রস্তাবনা ব্যয় পরিসীমার মধ্যে অন্তর্ভুক্ত নেই।