চীনে সরকারি ভবনে বোমা বিস্ফোরণে নিহত ৪

চীনের দক্ষিণাঞ্চলে একটি সরকারি ভবনে হাতবোমা বিস্ফোরণে চার জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহভাজনও নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।—এএফপি

৫৯ বছর বয়সি এক সন্দেহভাজন ঐ হামলা চালিয়েছে বলে স্থানীয় পুলিশ ওয়েইবো অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে উল্লেখ করা হয়েছে। সেখানে আরো জানানো হয়েছে যে, বিস্ফোরণের ঘটনায় পাঁচ জন আহত হয়েছে। সোমবার দক্ষিণাঞ্চলীয় গুয়ানঝৌয়ের মিংজিংয়ে ঐ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঐ গ্রামে ৩ হাজার মানুষ বসবাস করে। জিমিয়ান নিউজ সাইটে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, সরকারি একটি ভবন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে গ্রামের একটি কমিটির কার্যালয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। জমিজমা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। গুয়ানঝৌ ডেইলি জানিয়েছে, গ্রামটিতে একটি পর্যটন কেন্দ্র বানানোর জন্য গত বছর সাইহাংয়ের একটি ডেভেলপার কোম্পানির কাছে ২৭০ একর জমি হস্তান্তর করেছেন স্থানীয় কর্মকর্তারা।