বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া তার শেষ কর্মদিবসে ব্যস্ততম সময় পার করলেন। শেষ কর্মদিবসে উপাচার্য গতকাল মঙ্গলবার ডা. মিল্টন হলে ডীনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, অফিস প্রধানগণের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়ে তিনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিত্সাসেবা, চিকিত্সা শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে বিশ্বমানে উন্নীত করার আহ্বান জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। উপাচার্য বিভিন্ন ব্লকের বিভিন্ন বিভাগে রাউন্ড দেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরে উপাচার্য বি ব্লকের নিচতলা জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন মনোপোজ ক্লিনিকের শুভ উদ্বোধন করেন। এরপর দুপুর ২টার দিকে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠতম উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলমের কাছে উপাচার্যের দায়িত্বভার অর্পণ এবং দুপুর ২টা ৩০ মিনিটে কর্মস্থল ত্যাগ করেন।