মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে ভারত সরকারের অর্থায়নে উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী। বাংলাদেশে দুদিনের সফরে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে নান্দনিক কমপ্লেক্সসহ প্রকল্পের অন্যান্য অবকাঠামো উদ্বোধন করবেন। আগামী ২৬/২৭ মার্চ প্রকল্পটি উদ্বোধনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
২০১৫ সালের ৭ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সে প্রকল্পটির নির্মাণকাজের উদ্বোধন করেন। প্রকল্পের মধ্যে সুসজ্জিত লাইটিং ও সাউন্ড সিস্টেম সংবলিত সুবিশাল উন্মুক্ত মঞ্চ, আধুনিক ক্যাফেটারিয়া, লাইব্রেরি কাম ডকুমেন্টেশন সেন্টার, অত্যাধুনিক রেস্ট হাউজ, সুপরিসর নতুন গেট, বিদ্যুত্ উপকেন্দ্র, অভ্যন্তরীণ ফুটপাত উন্নয়ন, বিশুদ্ধ পানির রিজার্ভার, আনসার শেড ও গণ-শৌচাগার নির্মাণ করা হয়। লাইব্রেরিতে গবেষক ও পর্যটকদের জন্য থাকবে বই পড়ার সুযোগ-সুবিধাসহ তথ্য সেবা। ক্যাফেটারিয়ায় পাঁচ শতাধিক অতিথি-পর্যটকরা একযোগে পাবেন আপ্যায়ন সুবিধা। ক্যাফেটারিয়ার সামনে ছাতার আদলে নির্মিত ছাউনির নিচে দর্শক গ্যালারি। কুঠিবাড়ির প্রধান ফটকের সামনে বেদখল ছয় একর সম্পত্তি উচ্চ আদালতের নির্দেশে পুনরুদ্ধার ও ক্রয়কৃত জায়গার ওপর কুষ্টিয়াস্থ গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। এতে ব্যয় হয়েছে ১৮ কোটি ১৭ লাখ টাকা।