বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে লেখা এক বিশেষ বার্তায় সিঙ্গাপুরের প্রেসিডেন্ট উল্লেখ করেন, সিঙ্গাপুর-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন আরো ঘনিষ্ঠ। বর্তমান সরকারের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার এই সংগ্রামে বন্ধুপ্রতিম সিঙ্গাপুর সব সময় পাশেই থাকবে।
উল্লেখ্য, সিঙ্গাপুর বাংলাদেশে তৃতীয় বৃহত্ বিনিয়োগকারী দেশ। সিঙ্গাপুরের শ্রমবাজারে প্রায় দেড় লাখ বাংলাদেশি নাগরিক কর্মরত আছেন। কোভিড পরিস্থিতির উন্নতিতে সম্প্রতি স্থানীয় শ্রমবাজারে বিদেশি শ্রমিক আসা নতুন করে শুরু হলে ১০ হাজারের বেশি বাংলাদেশি শ্রমিক সিঙ্গাপুরে প্রবেশ করেছেন।
এ বছর মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিঙ্গাপুর সরকারের পররাষ্ট্রবিষয়ক সিনিয়র প্রতিমন্ত্রী চি হং ট্যাট।