গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এই দিনগুলো দেখার জন্যই কি আমরা যুদ্ধ করেছিলাম, দেশ স্বাধীন করেছিলাম। যে স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারি না। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শেখ হাসিনার সরকার দলের লোক শাল্লার নোয়াগাঁও সংখ্যা লঘুদের ওপর এমন ঘটনা ঘটিয়েছে সেটা খুব লজ্জাজনক। এ লজ্জা আমরা কোথায় রাখব, মন্তব্য করে জাফরুল্লাহ চৌধূরী বলেন, পুলিশ প্রশাসন শাল্লার মানুষদের রক্ষা করতে পারেনি। তাই অবিলম্বে এখানে যারা দায়িত্বরত কর্মকর্তা ছিলেন, তাদের সবাইকে প্রত্যাহার করতে হবে। তিনি বলেন, আমরা আজকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, আগামী সাত দিনের ভেতর ঐ মামলার তদন্ত শেষ করতে হবে। গতকাল মঙ্গলবার সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে ফেইসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সংখ্যালঘুদের বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী আরো বলেন, বাংলাদেশে অনেক বড় বড় ঘটনা ঘটেছে কিন্তু বিচার বিভাগ এখন পর্যন্ত কোনো ঘটনার রায় সুষ্ঠুভাবে দিতে পারেনি। এ সময় উপস্থিত ছিলেন, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবুল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর ও সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমদাদ উল্লাহ শহীদুল ইসলাম প্রমুখ।