মিয়ানমারে সেনাঅভ্যুত্থানের পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ চলছে। জান্তার বিরুদ্ধে চলমান বিক্ষোভে প্রাণহানি নিয়ে দুঃখ প্রকাশ করেছে মিয়ানমার সেনাবাহিনী। বিক্ষোভের সময় পুলিশের গুলিতে এখন পর্যন্ত ১৬৪ বিক্ষোভকারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মিয়ানমার সেনাবাহিনী মুখপাত্র জাউ মিন তুন বলেন, ‘যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমি অন্তর থেকে দুঃখ প্রকাশ করছি। তারাও আমাদের দেশের নাগরিক ছিলেন।’ বিক্ষোভে ৯ পুলিশ সদস্যও নিহত হয়েছেন বলে জানান তিনি।
গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। তারপর থেকেই দেশটিতে অভ্যুত্থানের বিরুদ্ধে গণতন্ত্রপন্থিদের বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে পুলিশও গুলি ছুড়ছে। প্রতিদিনই পুলিশের গুলিতে বিক্ষোভকারীদের প্রাণ যাচ্ছে। আন্তর্জাতিক অঙ্গন থেকে নানা নিষেধাজ্ঞা আরোপ করে মিয়ানমারের জান্তাবাহিনীকে ক্ষমতা ছেড়ে দিতে চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে।