কক্সবাজারে বন্যহাতির মরদেহ উদ্ধার

কক্সবাজার উত্তর বনবিভাগের ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রেঞ্জের পুর্নগ্রাম বনবিটস্থ গামারি ঘোনা ঝিরি এলাকার পানিতে ভাসা অবস্থায় একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যায় হাতির মৃতদেহটি উদ্ধার করে বন কর্মীরা। ময়নাতদন্তের পর হাতিটি কি কারণে মারা গেছে তা বের করতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন ঈদগাঁও ভোমরিয়াঘোনা রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন।

ভোমরিয়াঘোনা রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন স্থানীয় চাষিদের বরাত দিয়ে জানান, ঈদগাঁও ভোমরিয়াঘোনা রেঞ্জের পুর্নগ্রাম বনবিটের ভিতরে প্রতিদিন হাতির পাল বিচরণ করে। চলতে গিয়ে হয়তো কোন কারণে নিচে পড়ে মারা গেছে হাতিটি। হাতির শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের দাগ রয়েছে। মনে হচ্ছে পড়ে যাবার সময় গাছের গুড়ি ও মাটির আঘাত পেয়েছে। 

তিনি আরো বলেন, মরদেহটি উদ্ধারের পর ভেটেনারী চিকিৎসক দিয়ে ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর রহস্য জানা যাবে। মারা যাওয়া হাতিটি মাদি হাতি। বয়স আনুমানিক ৮-১০ বছর হতে পারে। এর দাঁতগুলো ছোট তা ছোঁড়ের কাছাকাছি অক্ষত রয়েছে।  

তবে স্থানীয়দের দাবি হাতিটিকে হত্যা করা হয়েছে। এর আগেও একই এলাকায় গুলি করে বন্যহাতি মারার ঘটনা ঘটেছিল। অভিযুক্তদের বিরুদ্ধে মামলাও করা হয়। এটিও হত্যার শিকার হয়েছে কিনা খতিয়ে দেখা দরকার বলে মন্তব্য করেন তারা।  

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. তহিদুল ইসলাম বলেন, মৃত হাতিটি উদ্ধারের পর ময়নাতদন্ত করে মাটিতে পুতে ফেলা হয়েছে। কি কারণে হাতিটি মারা গেলো তা উদঘাটন করা গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ইত্তেফাক/এসজেড