সৌদি আরবের সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে জড়িত ছিলেন জাতিসংঘের বিশেষ দূত (চলতি মাসে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন) অ্যাগনেস ক্যালামার্ড। এ কারণে এক সৌদি কর্মকর্তার কাছ থেকে তিনি হত্যার হুমকি পেয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। এ খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
মঙ্গলবার (২৪ মার্চ) দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক সাক্ষাৎকারে অ্যাগনেস ক্যালামার্ড জানান, ২০২০ সালের জানুয়ারিতে জাতিসংঘের সহকর্মীদের দ্বারা তিনি এ হুমকির ব্যাপারে জানতে পারেন। সে সময় ওই সৌদি কর্মকর্তা বলেছিলেন, তার (অ্যাগনেস ক্যালামার্ড) যেন যত্ন নেওয়া হয়।
এই মন্তব্যকে তিনি এবং তার সহকর্মীরা হত্যার হুমকি হিসেবেই ধরে নিয়েছেন, যোগ করেন জাতিসংঘের বিশেষ এই দূত।
পরে সিএনএনকে তথ্যটি নিশ্চিত করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন অফিসের এক প্রেস কর্মকর্তা। এই অফিসেই কাজ করেন অ্যাগনেস ক্যালামার্ড। অবশ্য সৌদি সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
এর আগে ২০১৯ সালের জুনে তদন্ত সাপেক্ষে প্রায় ১০০ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেন জাতিসংঘের বিশেষ এই দূত। সেখানে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানসহ আরো বেশ কয়েকজন কর্মকর্তাকে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত করা হয়।
হুমকি দেওয়ার সময় ওই সৌদি কর্মকর্তা আরো অভিযোগ করেন যে, হত্যাকাণ্ডের ঘটনার তদন্তের সময় কাতারের কাছ থেকে টাকা খেয়েছেন অ্যাগনেস ক্যালামার্ড। সহকর্মীদের বরাত দিয়ে এ তথ্য জানান তিনি।
এসব হুমকিতে ভয় পান না দাবি করে তদন্তকারী এই কর্মকর্তা বলেন, সঠিক কোনো কিছু করার ক্ষেত্রে এ ধরনের হুমকি আমাকে দমিয়ে রাখতে পারবে না। আর এসবে আমি ভয় করি না।
ওয়াশিংটন পোস্টে সৌদি আরব সম্পর্কে বেশকিছু কলাম লিখেছিলেন জামাল খাসোগি। সেখানে যুবরাজ সালমানের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের তথ্য তুলে ধরা হয়েছিল।
ইত্তেফাক/টিএ