প্রয়োজন ভোকেশনাল শিক্ষা বোর্ড

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে  প্রায় ৩৪টি শিক্ষাক্রম পরিচালিত হয়, যার ফলে সমস্ত কার্যক্রম যথাযথভাবে তাদের পক্ষে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। ভোকেশনাল শিক্ষাক্রম বর্তমান বিশ্বের একটি পেশাভিত্তিক গুরুত্বপূর্ণ শিক্ষাব্যবস্থা। দক্ষ জনশক্তি তৈরি করতে ভোকেশনাল শিক্ষার বিকল্প নেই। আমাদের দেশের ভোকেশনাল শিক্ষাক্রম কোনোভাবেই পূর্ণাঙ্গ শিক্ষাব্যবস্থা নয়। যার ফলে ভোকেশনাল শিক্ষার সুফল অর্থাত্ দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব হচ্ছে না। আমাদের ভোকেশনাল শিক্ষার প্রধান নিয়ন্ত্রক বা অভিভাবক সংস্থা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, যেখানে ভোকেশনাল শিক্ষাক্রম ভোকেশনাল শাখা হিসাবে পরিচালিত।

শুধু শাখা দিয়ে ভোকেশনাল শিক্ষাক্রমের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী তৈরি করা সম্ভব নয়, তাই ভোকেশনাল শিক্ষার ১ মাস মেয়াদি, ২ মাস মেয়াদি, ৩ মাস মেয়াদি, ৬ মাস মেয়াদি, ১ বছর মেয়াদি বেসিক ট্রেড কোর্স ও ট্রেড কোর্স এবং নিম্ন মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার জন্য জেএসসি ভোকেশনাল, আলিয়া মাদ্রাসা শিক্ষার জন্য প্রস্তাবিত জেডিসি ভোকেশনাল, কওমি মাদ্রাসা শিক্ষার জন্য প্রস্তাবিত মারহালাতুল মুতাওয়াস সিতাহ্ ভোকেশনাল এবং সংস্কৃত ও পালি প্রতিষ্ঠানের জন্য প্রস্তাবিত নিম্নাদ্য ভোকেশনাল। মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার জন্য এসএসসি ভোকেশনাল, আলিয়া মাদ্রাসা শিক্ষার জন্য দাখিল ভোকেশনালের পাশাপাশি কওমি মাদ্রাসা শিক্ষার জন্য প্রস্তাবিত আল মারহালাতুস সানাবিয়্যাহ আম্মাহ ভোকেশনাল এবং সংস্কৃত ও পালি প্রতিষ্ঠানের জন্য প্রস্তাবিত আদ্য ভোকেশনাল। উচ্চ মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার জন্য এইচএসসি ভোকেশনালের পাশাপাশি আলিয়া মাদ্রাসা শিক্ষার জন্য প্রস্তাবিত আলিম ভোকেশনাল, কওমি মাদ্রাসা শিক্ষার জন্য প্রস্তাবিত মারহালাতুস সানাবিয়্যাহ আল উলাইয়া ভোকেশনাল এবং সংস্কৃত ও পালি প্রতিষ্ঠানের জন্য প্রস্তাবিত মধ্য ভোকেশনাল শিক্ষাক্রম পর্যন্ত সমস্ত কার্যক্রম ঠিকভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে পৃথক করে বাংলাদেশ ভোকেশনাল শিক্ষা বোর্ড নামে নতুন বোর্ড স্থাপন করা একান্ত প্রয়োজন। এছাড়া প্রস্তাবিত বাংলাদেশ ভোকেশনাল শিক্ষা বোর্ডের অধীনে NTVQF Level Pre Voc ১ থেকে লেভেল-৩ পর্যন্ত পরিচালনার ক্ষমতা প্রদান করতে হবে।

রিপন কুমার দাস

ট্রেড ইন্সট্রাক্টর, ডোনাভান মাধ্যমিক

বিদ্যালয়, পটুয়াখালী